সোমবার । জুন ৮, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ৮ জুন ২০২৬, ৮:১২ পূর্বাহ্ন
শেয়ার

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের


Attack-Iran

সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে উত্তর ইসরায়েলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ রামাত ডেভিড বিমানঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। রোববার রাতে পরিচালিত এই হামলাকে ইসরায়েলের সাম্প্রতিক সামরিক অভিযানের জবাব হিসেবে উল্লেখ করেছে তেহরান।

আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, দক্ষিণ লেবানন ও বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলার অন্যতম কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল রামাত ডেভিড বিমানঘাঁটি। সে কারণেই এটিকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি তাদের।

ইরান অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তাবিত যুদ্ধবিরতির শর্তগুলো ইসরায়েল ও যুক্তরাষ্ট্র মানেনি। তেহরানের দাবি, লেবাননে নতুন করে হামলা, ইরানি স্বার্থসংশ্লিষ্ট নৌপথে আক্রমণ এবং বিভিন্ন সামরিক ও অর্থনৈতিক চাপের মাধ্যমে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি লঙ্ঘন করা হয়েছে।

আইআরজিসি আরও জানায়, সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র অভিযান ছিল ওয়াশিংটন ও তেল আবিবের প্রতি একটি সতর্কবার্তা। ভবিষ্যতে ইরান বা তার মিত্রদের বিরুদ্ধে হামলা অব্যাহত থাকলে আরও ব্যাপক ও কঠোর সামরিক প্রতিক্রিয়ার হুঁশিয়ারিও দিয়েছে বাহিনীটি।

তবে হামলার দাবি ও সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী কিংবা যুক্তরাষ্ট্রের পেন্টাগনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।