
ইরানে ইসরায়েলের হামলা/ ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংযম প্রদর্শনের আহ্বান উপেক্ষা করে ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পশ্চিম ও মধ্য ইরানের একাধিক সামরিক স্থাপনাকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। হামলার পর রাজধানী তেহরানসহ তাবরিজ ও ইসফাহান শহরে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, তেহরান, তাবরিজ এবং ইসফাহানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিস্ফোরণের পর পর ই এসব শহরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে এবং বেশ কিছু ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করা হয়েছে। তবে হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
এর আগে বৈরুতে হামলার প্রতিবাদে রোববার ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ওই হামলার পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
এ অবস্থায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানান। একই সঙ্গে তিনি ইসরায়েলকে পাল্টা সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকার পরামর্শ দেন। তবে সেই আহ্বানের পরও ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে নতুন মাত্রা দিল ইসরায়েল।









































