
সাইমন মারচিনিয়াক
২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় বুধবার সকাল ৭টায় অনুষ্ঠিতব্য এই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মারচিনিয়াক, যিনি বিশ্ব ফুটবলের অন্যতম সেরা ম্যাচ অফিসিয়াল হিসেবে পরিচিত।
মারচিনিয়াকের নাম ফুটবলপ্রেমীদের কাছে বিশেষভাবে পরিচিত ২০২২ কাতার বিশ্বকাপের আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনালের কারণে। রোমাঞ্চকর সেই ম্যাচে তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন এবং ভিএআরের ওপর অতিরিক্ত নির্ভর না করেই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। বিশেষ করে ফ্রান্সের মার্কাস থুরামের ডাইভিং শনাক্ত করার সিদ্ধান্তটি ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। ৩-৩ গোলে শেষ হওয়া সেই ফাইনালে তিনি মোট সাতটি হলুদ কার্ড দেখিয়েছিলেন।
আর্জেন্টিনার ম্যাচ পরিচালনায়ও মারচিনিয়াকের অভিজ্ঞতা রয়েছে। ২০১৮ বিশ্বকাপে আইসল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে তিনি রেফারির দায়িত্বে ছিলেন। ওই ম্যাচে লিওনেল মেসি পেনাল্টি মিস করেছিলেন। পরে ২০২২ বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ২-১ গোলের জয়ের ম্যাচও পরিচালনা করেন তিনি।
২০১১ সালে ফিফার আন্তর্জাতিক রেফারি হিসেবে স্বীকৃতি পাওয়া ৪৫ বছর বয়সী মারচিনিয়াক এরই মধ্যে বিশ্ব ফুটবলের বহু গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করেছেন। ২০২৩ সালের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ম্যানচেস্টার সিটি ও ইন্টার মিলানের মধ্যকার ম্যাচও তিনি সফলভাবে পরিচালনা করেন।
এবার বিশ্বকাপের নতুন মিশনে আর্জেন্টিনার প্রথম পরীক্ষায় আবারও দেখা যাবে পরিচিত সেই পোলিশ রেফারিকে।











































