
নেইমার ও কোচ আনচেলত্তি। ছবি: সংগৃহীত
বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে কক্ষপথে ফিরেছে ব্রাজিল। তবে মাঠের এই দাপুটে জয়ের চেয়েও সেলেসাও সমর্থকদের জন্য বড় সুখবর হয়ে এসেছে দলের প্রাণভ্রমরা নেইমারের ফেরার গুঞ্জন। আগামী বুধবার স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচেই মাঠে নামতে পারেন ৩৪ বছর বয়সী এই তারকা ফরোয়ার্ড। ম্যাচ শেষে খোদ ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তিই এই সুসংবাদ দিয়েছেন।
হাইতির বিপক্ষে ম্যাচ জয়ের পর সংবাদ সম্মেলনে নেইমারের চোটের সর্বশেষ অবস্থা জানিয়ে আনচেলত্তি বলেন, “নেইমার আগামীকাল এককভাবে অনুশীলন করবে। আর সোমবার দলের বাকিদের সঙ্গে পুরোদমে অনুশীলনে যোগ দেবে। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে তাকে পাওয়ার ব্যাপারে আমি অত্যন্ত আশাবাদী।”
কাফ ইনজুরির কারণে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে রয়েছেন নেইমার। গত ১৭ মে সান্তোসের হয়ে ব্রাজিলের ঘরোয়া লিগে শেষবার মাঠে নেমেছিলেন তিনি। এরপর থেকেই তার দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়া চলছিল।
২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বেও ইনজুরি বেশ ভুগিয়েছে এই পোস্টার বয়কে। তবে চোট কাটিয়ে যখনই মাঠে নেমেছেন, নিজের চেনা সামর্থ্যের ছাপ রেখেছেন। বাছাইপর্বের এই সময়ে মাত্র ৪ ম্যাচে মাঠে নেমে ২টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে আরও ৩টি গোল করিয়েছেন তিনি। স্কটল্যান্ডের বিপক্ষে লড়াইয়ের আগে নেইমারের এই প্রত্যাবর্তন নিশ্চিতভাবেই ব্রাজিল শিবিরে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে।
বাংলা টেলিগ্রাফ স্পোর্টস- বিটিএস







































