
ছবি: সংগৃহীত
ম্যাচের অর্ধেকেরও বেশি সময় ১০ জন নিয়ে খেলেছে দল। তবে সেই প্রতিকূলতা জয় করেই মাঠ ছাড়ল প্যারাগুয়ে। তুরস্ককে ১–০ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের নকআউটে ওঠার সম্ভাবনা ভালোভাবেই বাঁচিয়ে রাখল লাতিন আমেরিকার এই দেশটি।
বিপরীতে, টানা দুই ম্যাচ হেরে টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়ে গেল তুরস্কের। নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ২–০ গোলে হেরেছিল তারা। আর আজ প্যারাগুয়ের কাছে হেরে আসর থেকে ছিটকে গেল তুর্কিরা।
সান ফ্রান্সিসকোর লেভিস স্টেডিয়ামে (বে এরিয়া) আজ ম্যাচ শুরুর বাঁশি বাজতে না বাজতেই উল্লাসে মাতে প্যারাগুয়ে। ম্যাচের মাত্র ৬৪ সেকেন্ডে দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে নেন মাতিয়াস গালারজা। এটি এবারের বিশ্বকাপ আসরের এখন পর্যন্ত দ্রুততম গোল। মজার ব্যাপার হলো, মাত্র ৫ ঘণ্টা আগেই স্কটল্যান্ডের বিপক্ষে ৭০ সেকেন্ডে গোল করে মরক্কোর ইসমায়েল সাইবারি এই রেকর্ড গড়েছিলেন। মাত্র ৫ ঘণ্টার ব্যবধানে সেই রেকর্ড ভেঙে দিলেন গালারজা।
ম্যাচে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা প্যারাগুয়ে বড় ধাক্কা খায় প্রথমার্ধের যোগ করা সময়ে। তুরস্কের ডিফেন্ডার মের্ত মুলদুরের সঙ্গে কথা বলার সময় হাত দিয়ে মুখ ঢেকে ফেলেন প্যারাগুইয়ান তারকা মিগুয়েল আলমিরন। ঠোঁট পড়া এড়াতে মুখ ঢেকে কথা বলার ওপর ফিফার নতুন নিয়ম অনুযায়ী, রেফারি তৎক্ষণাৎ ভিএআর চেক করেন। ভিডিও রিপ্লেতে দোষী প্রমাণিত হওয়ায় আলমিরনকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি।
প্রথমার্ধের যোগ করা সময়ে একজন কম নিয়ে ১০ জনের দলে পরিণত হওয়া প্যারাগুয়ের ওপর দ্বিতীয়ার্ধে চড়াও হয়ে খেলে তুরস্ক। পরের রাউন্ডে যেতে হলে এই ম্যাচে জয় ভিন্ন পথ ছিল না তুর্কিদের। তবে ম্যাচের অর্ধেকেরও বেশি সময় একজন কম নিয়ে খেললেও প্যারাগুয়ে তাদের রক্ষণভাগে দেয়াল তুলে দেয়। তুরস্ককে কোনোভাবেই সমতায় ফিরতে দেয়নি লাতিন আমেরিকার দলটি। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে প্যারাগুয়ে, আর মাঠ ছাড়তে হয় তুরস্কের বিদায়ের কান্না নিয়ে।
বাংলা টেলিগ্রাফ স্পোর্টস- বিটিএস







































