
ইরানের বিশ্বকাপ ফুটবল দল
২০২৬ ফুটবল বিশ্বকাপে অংশ নেওয়া ইরান দলের ওপর আরোপিত কঠোর ভ্রমণ বিধিনিষেধে পরিবর্তন আনার বিষয়টি বিবেচনা করছে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস।
বর্তমান নিয়ম অনুযায়ী, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজিত বিশ্বকাপে ইরান দল যুক্তরাষ্ট্রে কেবল ম্যাচের এক দিন আগে প্রবেশ করতে পারে এবং খেলা শেষ হওয়ার দিনই যুক্তরাষ্ট্র ত্যাগ করতে হয়। যুক্তরাষ্ট্রের দেওয়ার ভিসার শর্তে ইরান দলের ওপর এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
এই কঠিন ও অন্যায্য পরিস্থিতির সমালোচনা করে ইরানের প্রধান কোচ আমির ঘালেনোই বলেছেন, বিশ্বকাপে তার দলই ‘সবচেয়ে বেশি বঞ্চিত’ দল।
তবে হোয়াইট হাউসের বিশ্বকাপ টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি জানিয়েছেন, ইরানের তৃতীয় গ্রুপ ম্যাচকে ঘিরে ভ্রমণসূচিতে পরিবর্তনের বিষয়ে আলোচনা চলছে। আগামী ২৭ জুন সিয়াটলে মিসরের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
বিশ্বকাপে ইরান দলের বেস ক্যাম্প মেক্সিকোতে অবস্থিত। জুলিয়ানি বলেন, লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত প্রথম দুই ম্যাচের ক্ষেত্রে বর্তমান বিধিনিষেধ কার্যকর রাখা যুক্তিসঙ্গত ছিল, কারণ মেক্সিকো থেকে সেখানে পৌঁছাতে বিমানে মাত্র ৩০ মিনিটের পথ। কিন্তু সিয়াটলে যেতে প্রায় তিন ঘণ্টা সময় লাগতে পারে, তাই নিয়মে কিছু পরিবর্তন আনার বিষয়টি বিবেচনায় রয়েছে।
স্থানীয় টেলিভিশন চ্যানেল কোমো টিভি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাঠে প্রতিযোগিতার ভারসাম্য বজায় রাখার পাশাপাশি জাতীয় নিরাপত্তাও নিশ্চিত করতে চান। এই দুইয়ের মধ্যে সমন্বয় করার চেষ্টা চলছে।’
তিনি আরও বলেন, ‘আমরা চাই ইরান দল যুক্তরাষ্ট্রে এসে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাক। তাদের জন্য আমরা বিশেষ ব্যবস্থা নিয়েছি এবং এর কৃতিত্ব প্রেসিডেন্ট ট্রাম্পের। তিনি একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছিলেন, যার ফলে ইরান দল বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেয়েছে।’
তবে এই আলোচনায় ইরানকে অন্তর্ভুক্ত করা হয়েছে কি না, সে বিষয়ে জুলিয়ানি কিছু বলেননি।
অন্যদিকে ইরান জানিয়েছে, প্রতিটি ম্যাচের অন্তত দুই দিন আগে আয়োজক শহরে পৌঁছানো এবং খেলার পরের দিন বেস ক্যাম্পে ফেরার সুযোগ পাওয়া উচিত, যাতে খেলোয়াড়দের সর্বোত্তম কারিগরি ও শারীরিক প্রস্তুতি নিশ্চিত করা যায়।
ইরানের ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে বলেছে, ‘আমরা মনে করি এই বিধিনিষেধ অংশগ্রহণকারী সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করার নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এটি দলের প্রস্তুতি প্রক্রিয়ার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।’
তারা আরও জানিয়েছে, বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে অসন্তোষ প্রকাশ করা হবে এবং যথাযথ প্রক্রিয়ায় আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার কাছে অভিযোগ দাখিল করা হবে।
বিশ্বকাপে ইরানের পরবর্তী ম্যাচ আগামী রোববার লস অ্যাঞ্জেলেসের ইঙ্গলউডে বেলজিয়ামের বিপক্ষে অনুষ্ঠিত হবে।










































