রবিবার । জুন ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ২১ জুন ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শেয়ার

মুন্সীগঞ্জে দেশের প্রথম ‘ক্যাশলেস কারাগার’


Cash less Jail

মুন্সীগঞ্জে দেশের প্রথম ‘ক্যাশলেস কারাগার’

ডিজিটাল বাংলাদেশ ও আধুনিক স্মার্ট প্রযুক্তির ছোঁয়ায় এবার বদলে গেল জেলখানার চিরচেনা আবহ। বন্দিদের নিরাপত্তা, অবস্থান শনাক্তকরণ এবং আর্থিক লেনদেনে শতভাগ স্বচ্ছতা আনতে দেশের প্রথম ‘ক্যাশলেস কারা ব্যবস্থাপনা’ চালু হয়েছে মুন্সীগঞ্জ জেলা কারাগারে। এই প্রযুক্তিনির্ভর উদ্যোগের মাধ্যমে কারাগারের ভেতরে সব ধরনের নগদ টাকার লেনদেন সম্পূর্ণ বন্ধ করে এক বৈপ্লবিক পরিবর্তন আনা হয়েছে।

আজ রোববার (২১ জুন) সকালে মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ এনায়েত উল্ল্যাহ এই যুগান্তকারী তথ্য নিশ্চিত করেছেন। কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেনের দূরদর্শী পরিকল্পনা ও নির্দেশনায় এই আধুনিকায়ন কার্যক্রম শুরু হয়েছে। পুরো প্রক্রিয়াটির কারিগরি সহযোগিতায় রয়েছে উদ্ভাবনী প্রযুক্তি প্রতিষ্ঠান ‘ডিকোড ল্যাব’ এবং কারা অধিদপ্তরের ‘প্রিজন্স আইসিটি সেল’।

কারা কর্তৃপক্ষ জানায়, এই আধুনিক ও সুরক্ষিত ডিজিটাল ব্যবস্থায় রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হয়েছে। এর মাধ্যমে কারাবন্দিদের নিখুঁত গণনা, সার্বিক নিরাপত্তা ও তাদের অবস্থান সহজেই শনাক্ত করা সম্ভব হবে।

নতুন এই ক্যাশলেস নিয়মে, বন্দিদের আত্মীয়স্বজনেরা কারাগারে এসে তাদের জন্য যে অর্থ প্রদান করবেন, তা আর নগদ আকারে ভেতরে যাবে না। দায়িত্বরত কর্মকর্তা সেই টাকা গ্রহণ করে সরাসরি ব্যাংকে জমা করবেন এবং সমপরিমাণ অর্থ ভার্চুয়ালি বন্দির নির্দিষ্ট অ্যাকাউন্টে বা আইডি কার্ডে যুক্ত করে দেবেন। এরপর বন্দিরা তাদের অনুকূলে থাকা বিশেষ আরএফআইডি কার্ডের মাধ্যমে ডিজিটাল পেমেন্ট করে কারা ক্যান্টিন থেকে প্রয়োজনীয় জিনিসপত্র বা খাদ্যসামগ্রী কেনাকাটা করতে পারবেন। এর ফলে কারাগারের ভেতরে বন্দি বা কর্মীদের মাঝে কোনো ধরনের নগদ টাকার (ক্যাশ) লেনদেনের সুযোগ থাকছে না।

সবচেয়ে স্বস্তির বিষয় হলো, জামিনে মুক্তির পর যদি কোনো বন্দির অ্যাকাউন্টে টাকা অবশিষ্ট থাকে, তবে তা অনলাইন ব্যাংকিং বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (বিকাশ, রকেট, নগদ ইত্যাদি) এজেন্টের মাধ্যমে বন্দিকে সরাসরি ফেরত দেওয়া হবে।

কারা প্রশাসন মনে করছে, এই ঐতিহাসিক উদ্যোগের ফলে কারাগারের ভেতরে সব ধরনের অনিয়ম ও অবৈধ লেনদেনের পথ চিরতরে বন্ধ হবে, বৃদ্ধি পাবে জবাবদিহিতা এবং বন্দিদের অর্থের শতভাগ নিরাপত্তা নিশ্চিত হবে।

এ বিষয়ে মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ এনায়েত উল্ল্যাহ বলেন, ‘মুন্সীগঞ্জ জেলা কারাগারকে প্রযুক্তিতে এগিয়ে নিতে এবং মানবিক ও আধুনিক ব্যবস্থাপনার অংশ হিসেবে দেশের প্রথম ক্যাশলেস কারাগার হিসেবে গড়ে তোলা হয়েছে। এটি কারাগারের ভেতরে সম্পূর্ণ নিরাপদ লেনদেন ও আধুনিক সেবা নিশ্চিত করবে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য কারাগারেও এই সফল মডেল বাস্তবায়ন করা হতে পারে।’