মঙ্গলবার । জুন ২৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২২ জুন ২০২৬, ৯:৫৩ অপরাহ্ন
শেয়ার

তিন দিনের সরকারি সফরে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী


PM-Tareq-Rahman

প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটি স্থানীয় সময় রাত ১১টা ৫ মিনিটে দালিয়ান ঝোশুইজি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

মালয়েশিয়ার দুই দিনের সরকারি সফর শেষ করে সোমবার রাতেই চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী ও তাঁর স্ত্রী ড. জুবাইদা রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট স্থানীয় সময় রাত ১১টা ৫ মিনিটে দালিয়ান ঝোশুইজি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বলে জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

এর আগে দুই দিনের সরকারি সফর শেষে মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় বিকেল ৫টায় চীনের দালিয়ানের উদ্দেশে যাত্রা করেন তিনি।

বিমানবন্দরে লিয়াওনিং প্রদেশের ভাইস গভর্নর এবং চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী ও তাঁর স্ত্রীকে স্বাগত জানান। পরে আনুষ্ঠানিক মোটর শোভাযাত্রায় তাঁদের শাংরি-লা হোটেলে নেওয়া হয়, যেখানে তিনি দুই দিন অবস্থান করবেন।

দালিয়ানে অবস্থানকালে ব্যস্ত কর্মসূচি শেষে তিনি চীনের রাজধানী বেইজিংয়ে যাবেন, যেখানে তাঁর রাষ্ট্রীয় সফরের মূল পর্ব শুরু হবে।

এ সফরে তিনি বিশ্ব অর্থনৈতিক ফোরাম আয়োজিত ১৭তম “নিউ চ্যাম্পিয়নস” বার্ষিক সভা বা সামার দাভোস ফোরাম ২০২৬-এ অংশ নেবেন।

PM-Tareq-Rahman

কূটনৈতিক সূত্র জানিয়েছে, চীন ও বাংলাদেশের সম্পর্ক যখন “গোল্ডেন ৫০ ইয়ার্স” বা স্বর্ণালী অধ্যায়ের নতুন পর্যায়ে প্রবেশ করছে, তখন এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এটি দুই দেশের সম্পর্কের ধারাবাহিকতা বজায় রাখা এবং ভবিষ্যৎ সহযোগিতার নতুন দিক নির্ধারণে ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

সফর শেষে প্রধানমন্ত্রী আগামী ২৬ জুন দেশে ফেরার কথা রয়েছে। এটি ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পর তাঁর প্রথম বিদেশ সফর।

এর আগে মালয়েশিয়া সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম একান্ত বৈঠক করেন। পাশাপাশি দুই দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের মধ্যে আলোচনা হয় এবং একটি সমঝোতা স্মারক ও দুটি চুক্তি স্বাক্ষরিত হয়।