বুধবার । জুন ২৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৪ জুন ২০২৬, ৭:৪৯ অপরাহ্ন
শেয়ার

নবম পে স্কেল: জনপ্রশাসন সংক্রান্ত সুপারিশ নীতিগতভাবে চূড়ান্ত


pay-scale

ফাইল ছবি

সরকারের নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের প্রস্তুতি আরও একধাপ এগিয়েছে। বুধবার অনুষ্ঠিত সচিব কমিটির সভায় পে কমিশনের জনপ্রশাসন সংক্রান্ত সুপারিশ নীতিগতভাবে চূড়ান্ত করা হয়েছে। তবে বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনী সংক্রান্ত সুপারিশের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

সভা সূত্রে জানা গেছে, বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনীর প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হলেও আরও পর্যালোচনার প্রয়োজন রয়েছে। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে শিগগিরই আরেকটি সভা অনুষ্ঠিত হতে পারে।

সরকার আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে নবম পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দিয়েছে। তবে বর্ধিত বেতনের অর্থ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের হাতে পৌঁছাতে অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

যদিও বেতন বৃদ্ধির হার বা কত ধাপে তা কার্যকর হবে, সে বিষয়ে সভায় উপস্থিত কেউ আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। তবে জানা গেছে, এলপিআর ভোগরত কর্মকর্তা-কর্মচারীরাও নবম পে স্কেলের সুবিধার আওতায় আসতে পারেন।

সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্য অনুযায়ী, সরকার বেতন বৃদ্ধির কয়েকটি বিকল্প প্রস্তাব বিবেচনা করছে। এর মধ্যে প্রথম ধাপে মূল বেতনের ৫০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব রয়েছে। আরেকটি বিকল্পে ১ম থেকে ৯ম গ্রেডের কর্মীদের জন্য ৪০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মীদের জন্য ৬০ শতাংশ বেতন বৃদ্ধির কথা ভাবা হচ্ছে। এছাড়া নিম্ন গ্রেডের কর্মচারীদের বেসিক বেতন শতভাগ পর্যন্ত বাড়ানোর প্রস্তাবও আলোচনায় রয়েছে।