বুধবার । জুন ২৪, ২০২৬
প্রবাস ডেস্ক প্রবাস ২৪ জুন ২০২৬, ৯:১৭ অপরাহ্ন
শেয়ার

লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭০ বাংলাদেশি


libya-bangladeshi

ছবি: সংগৃহীত

লিবিয়ার বেনগাজীর গানফুদা এবং ত্রিপোলির তাজুরা ডিটেনশন সেন্টারে (বন্দিশালা) আটকে পড়া ১৭০ জন বাংলাদেশি নাগরিক অবশেষে দেশে ফিরেছেন। আজ বুধবার (২৪ জুন) বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে করে তাঁদের বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যৌথ প্রচেষ্টায়, লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সার্বিক সহযোগিতায় তাঁদের উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফেরত আসা বাংলাদেশিদের অধিকাংশই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনায় লিবিয়ায় অনুপ্রবেশ করেছিলেন। সেখানে গিয়ে তাঁদের অনেকেই বন্দিশালায় আটকে পড়েন এবং বিভিন্ন সময়ে অপহরণ ও চরম নির্যাতনের শিকার হন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা তাঁদের অভ্যর্থনা জানান। দালালের খপ্পরে পড়ে অবৈধ উপায়ে বিদেশ যাওয়ার ব্যাপারে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই দুর্বিষহ অভিজ্ঞতা সবার সঙ্গে বিনিময় করার জন্য সরকারি কর্মকর্তাদের পক্ষ থেকে তাঁদের অনুরোধ জানানো হয়।

এদিকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) পক্ষ থেকে দেশে ফেরা প্রত্যেক বাংলাদেশিকে পথখরচা, জরুরি খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে।