
ফাইল ছবি
বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে ভারতের পশ্চিমবঙ্গ থেকে ইতিমধ্যে ১০ হাজার মানুষকে বাংলাদেশে পুশ-ইন (ফেরত পাঠানো) করা হয়েছে বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার (২৩ জুন) পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই তথ্য জানান।
শুভেন্দু অধিকারী বলেন, “আমরা ইতিমধ্যে ১০ হাজার অনুপ্রবেশকারীকে বের করেছি। বর্তমানে ১২টি হোল্ডিং সেন্টারে আরও ১,৮০০ জন অপেক্ষা করছে এবং আমরা প্রতিদিন তাদের ওপারে (বাংলাদেশে) পাঠিয়ে দিচ্ছি। আপনাদের মধ্যে কেউ কেউ বলেছেন তারা ভারতীয়। কিন্তু বিষয়টি একদম ক্রিস্টাল ক্লিয়ার (পরিস্কার)—তারা সবাই অনুপ্রবেশকারী।”
তিনি সাফ জানিয়ে দেন, ভারত সরকারের আইন অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। সরকারি টাকা দিয়ে রাজ্যে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প হবে, কিন্তু কোনো অনুপ্রবেশকারীর জেলের খাবার, কাপড় বা ওষুধের পেছনে সরকারি অর্থ ব্যয় করা হবে না।
দীর্ঘদিন ধরে রাজ্যে অবস্থান করা বেআইনি অনুপ্রবেশকারীদের জেলে আটকে রাখার চেয়ে সরাসরি কেন্দ্রীয় সংস্থা সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে তুলে দেওয়ার নীতিতে রাজ্য এগোচ্ছে বলে ইঙ্গিত দেন এই বিজেপি নেতা। তিনি বলেন, “আমরা ভারত সরকারের আইন কার্যকর করেছি। অনুপ্রবেশকারীদের ধরো আর বিএসএফের হাতে তুলে দাও, নো জেল!”
ভারতের বৈধ নাগরিকদের আশ্বস্ত করে শুভেন্দু অধিকারী বলেন, “কোনো ভারতীয় নাগরিকের এতটুকু দুশ্চিন্তা করার প্রয়োজন নেই। তিনি যে ধর্মেরই হোন, যে সম্প্রদায়েরই হোন কিংবা যে রাজনৈতিক দলই করুন না কেন; আপনি যদি মনে-প্রাণে ভারতীয় হন, আপনার কিছুই হবে না।” এরপরই রাজনৈতিক বার্তা দিয়ে তিনি যোগ করেন, শুধুমাত্র ভোটব্যাঙ্কের রাজনীতির জন্য অনুপ্রবেশের মতো বিষয় কোনোভাবেই বরদাস্ত করা হবে না।








































