বৃহস্পতিবার । জুন ২৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৫ জুন ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শেয়ার

দীর্ঘদিনের বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী বাংলাদেশ: প্রধানমন্ত্রী


দীর্ঘদিনের বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী বাংলাদেশ: প্রধানমন্ত্রী

বেইজিংয়ে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরাম’ শীর্ষক সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান || ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত এবং দীর্ঘদিনের বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী।

তিনি বলেন, চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক কূটনীতি থেকে উন্নয়নে, উন্নয়ন থেকে বাণিজ্যে এবং এখন বাণিজ্য থেকে আরও গভীর অংশীদারিত্বে রূপান্তরিত হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৫ জুন) সকালে চীনের বেইজিংয়ে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরাম’ শীর্ষক সম্মেলনে অংশ নিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

এসময় উপস্থিত ছিলেন চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অফ ইন্টারন্যাশনাল ট্রেডের চেয়ারম্যান রেন হংবিন।

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ এখন অর্থনৈতিক ও প্রশাসনিক সংস্কারের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। বিনিয়োগকারীদের জন্য আরও সহজ, স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করছে।’ এছাড়া প্রস্তাবিত জাতীয় বাজেটও বিনিয়োগ ও ব্যবসাবান্ধব বলে উল্লেখ করেন তিনি।

চীনা বিনিয়োগকারীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল, উন্নত শিল্প অবকাঠামো এবং ওয়ান-স্টপ সেবার সুবিধার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে বেইজিংয়ে বাংলাদেশের প্রথম ‘ইনভেস্টমেন্ট অফিস’ চালুর উদ্যোগের কথাও জানান, যা চীনা বিনিয়োগকারীদের জন্য সরাসরি সহায়তা ও তথ্যসেবা নিশ্চিত করবে।

বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান কৌশলগত সহযোগিতাকে আরও গভীর ও টেকসই অর্থনৈতিক অংশীদারিত্বে রূপ দেয়ার আহ্বান জানান তারেক রহমান। তিনি বলেন, ‘দুই দেশের যৌথ উদ্যোগ ভবিষ্যতের প্রবৃদ্ধি ও সমৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।’

এর আগে, প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের উপমন্ত্রী লিউ হাইজিং। বৈঠকে বাংলাদেশ-চীন সম্পর্ক, বিনিয়োগ সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।