বৃহস্পতিবার । জুন ২৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ২৫ জুন ২০২৬, ৭:১৬ অপরাহ্ন
শেয়ার

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের


11-party-jote

সংগৃহীত ছবি

২০২৪ সালের গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন জোটের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে— ১ থেকে ১৫ জুলাই পর্যন্ত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জেলা ও মহানগর পর্যায়ে সেমিনার, ৬ জুলাই জাতীয় সংসদ ভবনের সামনে শহীদ পরিবারের মানববন্ধন ও স্পিকারের কাছে স্মারকলিপি প্রদান, ৮ জুলাই জাতীয় সেমিনার, ২০ জুলাই নারীদের অংশগ্রহণে আলোচনা সভা এবং ২৩ থেকে ২৫ জুলাই চিত্রপ্রদর্শনী।

এ ছাড়া ৩১ জুলাই দেশের মসজিদগুলোতে দোয়া মাহফিল এবং অন্যান্য ধর্মাবলম্বীদের উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। ৫ আগস্ট রাজধানীসহ সারা দেশে উপজেলা পর্যায় পর্যন্ত সমাবেশ অনুষ্ঠিত হবে। পাশাপাশি গণঅভ্যুত্থানের স্মৃতিবিজড়িত স্থানগুলোতে স্মৃতিচারণমূলক সমাবেশ ও দেশব্যাপী গ্রাফিতি অঙ্কনের কর্মসূচিও রাখা হয়েছে।

হামিদুর রহমান আযাদ জানান, ৩৬ দিনের কর্মসূচিগুলো বিভিন্ন সময়ে বাস্তবায়ন করা হবে এবং তারিখগুলো ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠকে নির্ধারণ করা হবে। তিনি বলেন, কয়েকটি মহানগরে পূর্বঘোষিত সমাবেশ নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। এছাড়া রাজধানী ছাড়া সারা দেশে ৪ জুলাই গণমিছিল কর্মসূচিও পালিত হবে।

এর আগে, বিগত সরকারের সময়কার ‘নৃশংসতার’ বর্ষপূর্তি উপলক্ষে কর্মসূচি চূড়ান্ত করতে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিভিন্ন শরিক দলের নেতারা উপস্থিত ছিলেন।