
ঢাকা-৯ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারার নির্বাচনী তহবিল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে। মাত্র ২৯ ঘণ্টায় প্রায় ৪৭ লাখ টাকা সহায়তা পাওয়ায় তিনি নতুন করে আর কোনো অনুদান গ্রহণ করবেন না বলে জানিয়েছেন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ডা. তাসনিম জারা এ তথ্য জানান। তিনি বলেন, স্বল্প সময়ে পাওয়া এই অভূতপূর্ব সাড়া পুরোনো রাজনৈতিক ধারাকে চ্যালেঞ্জ করেছে। জনগণের অংশগ্রহণই এই লড়াইয়ের মূল শক্তি বলে উল্লেখ করেন তিনি।
ডা. তাসনিম জারা বলেন, এই নির্বাচনে অনেক প্রার্থী বিপুল অর্থ ব্যয় করলেও এনসিপি অর্থনির্ভর রাজনীতি প্রত্যাখ্যান করেছে। মানুষের কাছে বার্তা পৌঁছাতে পেইড কর্মীর বদলে স্বেচ্ছাসেবকদের ওপর ভরসা করা হচ্ছে।
তিনি ভোটারদের উদ্দেশে স্বেচ্ছাসেবক হিসেবে মাঠে কাজ করা, পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন এবং ভোটের দিন ভোটারদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি আত্মীয়-স্বজন ও পরিচিতদের মাধ্যমে ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর গুরুত্ব তুলে ধরেন।
নির্বাচনী তহবিল ব্যবহারে স্বচ্ছতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে ডা. তাসনিম জারা বলেন, সব অনুদান নির্দিষ্ট বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে নেওয়া হচ্ছে, যার হিসাব বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে যাচাইযোগ্য। সংগৃহীত অর্থ কোন খাতে ব্যয় হবে, তার পূর্ণ বিবরণ নির্বাচন কমিশন ও জনসাধারণের সামনে প্রকাশ করা হবে বলেও জানান তিনি।








































