বুধবার । জুন ৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ২৪ ডিসেম্বর ২০২৫, ৫:০১ অপরাহ্ন
শেয়ার

বিএনপির সংবর্ধনায় তারেক রহমানই একমাত্র বক্তা


salauddin

সংবাদ সম্মেলনে কথা বলেন সালাহউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি নিজে ছাড়া অন্য কেউ বক্তব্য দেবেন না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

আজ বুধবার (২৪ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

সালাহউদ্দিন আহমেদ জানান, জনদুর্ভোগ এড়াতে তারেক রহমান শুরু থেকেই অত্যন্ত সচেতন। সেই ধারাবাহিকতায় লন্ডনের হিথ্রো বিমানবন্দরে নেতা-কর্মীদের ভিড় না করতে তিনি আগেই নির্দেশ দিয়েছিলেন। বাংলাদেশেও তার সেই নির্দেশনা বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে।

ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার সূচি সম্পর্কে তিনি বলেন, “তারেক রহমান বিমানবন্দর থেকে সরাসরি হাসপাতালে চিকিৎসাধীন তার মা বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন। এরপর তিনি তার বাবা ও ভাইয়ের কবর জিয়ারত করবেন।” সাধারণ মানুষের যাতায়াতে যেন ব্যাঘাত না ঘটে, সে জন্য তিনি টানা তিন দিনের সরকারি ছুটির সময়টিকে দেশে ফেরার জন্য বেছে নিয়েছেন বলেও জানান সালাহউদ্দিন আহমেদ।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, জনদুর্ভোগের কথা চিন্তা করেই সোহরাওয়ার্দী উদ্যান বা মানিক মিয়া অ্যাভিনিউয়ের মতো রাজধানীর কেন্দ্রস্থলে কোনো কর্মসূচি রাখা হয়নি। এর পরিবর্তে রাজধানীর এক প্রান্তে ৩০০ ফুট মহাসড়কের সার্ভিস লেনের একপাশে সংক্ষিপ্ত সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সালাহউদ্দিন আহমেদ স্পষ্ট করে বলেন, “এই সংবর্ধনা অনুষ্ঠানে তারেক রহমান ছাড়া আর কেউ বক্তব্য দেবেন না। সেখানে তিনি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য ও দেশের মঙ্গল কামনায় দোয়া করবেন।”