
ছবি: সংগৃহীত
দীর্ঘ ১৭ বছর পর আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই ঐতিহাসিক প্রত্যাবর্তনকে কেন্দ্র করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ পুরো রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা থেকেই বিমানবন্দর এলাকাকে কয়েক স্তরের নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সূত্রে জানা গেছে, তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে বিমানবন্দর এলাকায় পুলিশসহ বিভিন্ন সংস্থার প্রায় ২ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। নিয়মিত আনসার সদস্যদের পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্ট ও প্যাট্রোল ডিউটিতে অতিরিক্ত ব্যাটালিয়ন আনসার সদস্যদের নিয়োজিত করা হয়েছে। সাধারণ সময়ের তুলনায় বিমানবন্দরের নিরাপত্তা এখন কয়েকগুণ বাড়ানো হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, বিমানবন্দরের ভিআইপি গেট সংলগ্ন ৮ নম্বর গেট থেকে বের হওয়ার পুরো পথজুড়ে যৌথ বাহিনীর কঠোর নজরদারি চলছে। তবে সাধারণ যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে টার্মিনাল-১ ও টার্মিনাল-২ এলাকায় নিরাপত্তা কিছুটা শিথিল রাখা হয়েছে যাতে স্বাভাবিক চলাচল ব্যাহত না হয়। বর্তমানে ভিআইপি গেট এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট ক্রু ছাড়া অন্য কারো প্রবেশাধিকার সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে।
তারেক রহমানের ব্যক্তিগত নিরাপত্তার জন্য ইতিমধ্যে বিদেশ থেকে উন্নত মানের বুলেটপ্রুফ গাড়ি আনা হয়েছে। বিমানবন্দর থেকে তার এই বিশেষ গাড়িবহরকে ঘিরে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর একটি বিশেষ নিরাপত্তা বলয়। এছাড়া রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বাড়তি চেকপোস্ট ও সোয়াট টিমকে প্রস্তুত রাখা হয়েছে।
উল্লেখ্য, গতকাল বুধবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যায় পরিবারের সদস্যদের নিয়ে হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন তারেক রহমান। নির্ধারিত সূচি অনুযায়ী, তাকে বহনকারী ফ্লাইটটি প্রথমে সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেটে অবতরণ করবে। সেখানে প্রায় এক ঘণ্টা অবস্থানের পর সকাল ১০টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হয়ে বেলা ১১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।





































