সোমবার । মার্চ ২৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৫ ডিসেম্বর ২০২৫, ৪:১২ অপরাহ্ন
শেয়ার

আই হ্যাভ এ প্ল্যান: তারেক রহমান


 

Tarique speech

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান। রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় তার দেশে প্রত্যাবর্তন উপলক্ষে দেওয়া গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, মার্টিন লুথার কিং এর একটি বিখ্যাত উক্তি আছে- আই হ্যাভ এ ড্রিম। তাঁর সেই উক্তিকে অনুসরন করে আমি বলতে চাই, আই হ্যাভ এ প্ল্যান। বাংলাদেশ ও বাংলাদেশের মানুষকে নিয়ে বিএনপি এবং আমার পরিকল্পনা আছে।

তারেক রহমান বলেন, বাংলাদেশের নারী-পুরুষ, ধর্ম-বর্ণ, শ্রেণি-পেশা নির্বিশেষে সবার জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়তে চাই।

এসময় তিনি বলেন, যেকোনো মূল্যে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে হবে। কোনোভাবেই আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে দেওয়া যাবেনা।

তারেক রহমান বলেন, আমাদের এই মাতৃভূমি ১৯৭১ সালে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত। এরপর ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতা দেশকে আধিপত্যবাদের হাত থেকে রক্ষা করেছেন। এদেশের মানুষ ৯০ এ স্বৈরাচারের বিরুদ্ধে তাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে এনেছে। এরপর ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতাসহ সর্বস্তরের মানুষ এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করেছিল। মানুষ গণতন্ত্র ফিরে পেতে চায়। সকলে মিলে দেশ গড়ার সুযোগ এসেছে।

বক্তব্যের শুরুতে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আল্লাহর কাছে শুকরিয়া আপনাদের দোয়ায় ফিরে আসতে পেরেছি। রাব্বুল আলামিনের অশেষ রহমতে আজ মাতৃভূমিতে আপনাদের মাঝে ফিরে আসতে পারলাম।

দুপুর পৌনে চারটার দিকে বিমানবন্দর থেকে রওনা হওয়ার প্রায় চার ঘণ্টা পর তিনি সংবর্ধনাস্থলে পৌঁছান।