
ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে জেলখানা ও আইনি হেফাজতে থাকা ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এই নির্দেশিকা কারা মহাপরিদর্শকের কাছে পাঠানো হয়।
নির্দেশিকায় বলা হয়েছে, নির্বাচন পরিচালনা বিধিমালা অনুযায়ী ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং’ (আইসিপিভি) পদ্ধতিতে আটক ভোটাররা ভোট দিতে পারবেন। এ জন্য একটি বিশেষ ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে ভোটার নিবন্ধন সম্পন্ন করা হবে। জেলখানা বা আইনি হেফাজত কর্তৃপক্ষ নিবন্ধন কার্যক্রম পরিচালনায় দু’জন করে প্রতিনিধি মনোনয়ন দেবেন।
নিবন্ধন শেষে সিল ও স্বাক্ষরসহ ভোটারদের তালিকা নির্বাচন কমিশনে পাঠানো হবে এবং প্রয়োজনীয় তথ্য নির্ধারিত পোর্টালে আপলোড করা হবে। নিবন্ধিত ভোটাররা কর্তৃপক্ষের মাধ্যমে পোস্টাল ব্যালট পাবেন, যেখানে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য পৃথক দুটি ব্যালট পেপার, নির্দেশনা, ঘোষণাপত্র এবং ফেরত খাম থাকবে।
নির্দেশিকায় আরও বলা হয়েছে, ভোটদানের জন্য জেলখানা বা আইনি হেফাজতে গোপন কক্ষ প্রস্তুত করা হবে। পোস্টাল ব্যালটে প্রার্থীর নাম থাকবে না, শুধু প্রতীক থাকবে। ভোটাররা প্রতীকের পাশে টিক বা ক্রস চিহ্ন দিয়ে ভোট দেবেন এবং ঘোষণাপত্রে স্বাক্ষর করবেন।
ভোটদান শেষে ব্যালট পেপার ও ঘোষণাপত্র নির্ধারিত খামে রেখে জমা দিতে হবে। পরবর্তীতে এসব খাম নিরাপদে সংরক্ষণ করে ডাক বিভাগের মাধ্যমে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে পাঠানো হবে। এ ক্ষেত্রে কোনো ডাক মাশুল দিতে হবে না, ব্যয় সরকার বহন করবে।



































