সোমবার । মার্চ ২৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৬ ডিসেম্বর ২০২৫, ৭:৪৩ পূর্বাহ্ন
শেয়ার

হাদি হত্যার বিচার দাবিতে দেশব্যাপী বিক্ষোভের ডাক


Inqilab-Moncho

ফাইল ছবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার সুষ্ঠু বিচার দাবিতে সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর এ কর্মসূচি পালন করা হবে। একই সঙ্গে শহীদ হাদির রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে ইনকিলাব মঞ্চ এবং শহীদ শরিফ ওসমান হাদির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া পৃথক পোস্টে এই কর্মসূচির কথা জানানো হয়।

পোস্টে উল্লেখ করা হয়, ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনের অগ্রসেনানী এবং ‘ইনসাফের বাংলাদেশ’ গড়ার স্বপ্নদ্রষ্টা শহীদ শরিফ ওসমান হাদির নির্মম হত্যার বিচার নিশ্চিত করার দাবিতে শুক্রবার জুমার নামাজের পর দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে গণসংযোগ কার্যক্রম শেষ করে ফেরার পথে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট সড়কে চলন্ত রিকশায় থাকা অবস্থায় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি।

পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। তবে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন।

এরপর ১৯ ডিসেম্বর তার মরদেহ দেশে আনা হয়। ২০ ডিসেম্বর মানিক মিয়া অ্যাভিনিউতে লাখো মানুষের অংশগ্রহণে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই তাকে দাফন করা হয়।