
ফাইল ছবি
কুয়াশার চাদরে ঢেকে পড়তে শুরু করেছে দেশ, সঙ্গে জেঁকে বসছে শীত। মাঝে মাঝে বইছে হিমেল হাওয়া। এরই মধ্যে দেশের সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এমন পরিস্থিতিতে আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে রাতের তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে বাড়তে পারে কুয়াশার মাত্রা, তীব্র হবে শীতের অনুভূতি।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এসব কারণে শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার আশঙ্কা রয়েছে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। এর ফলে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হওয়ার সম্ভাবনাও রয়েছে।
হাফিজুর রহমান আরও জানান, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে অনেক এলাকায় ঠাণ্ডার অনুভূতি বাড়তে পারে। একই ধরনের আবহাওয়া শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
এদিকে রবিবার ও সোমবার (২৮-২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে এ দুই দিনও মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। রবিবার রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও সোমবার দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
আগামী মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্তও সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মধ্যরাত থেকে সকাল পর্যন্ত উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। এদিন দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। বর্তমান পরিস্থিতিতে আগামী পাঁচ দিনে তাপমাত্রা আরও কমতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।



































