সোমবার । মার্চ ২৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৬ ডিসেম্বর ২০২৫, ২:৩৪ অপরাহ্ন
শেয়ার

তারেক রহমানের ভোটার হতে কোনো আইনি বাধা নেই: ইসি মাছউদ


EC-Masud

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভোটার হতে কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। শুক্রবার সংবাদমাধ্যমকে তিনি বলেন, ভোটার তালিকা আইনের ১৫ অনুচ্ছেদ অনুযায়ী বিশেষ পরিস্থিতিতে যেকোনো সময় কাউকে ভোটার করা সম্ভব। তবে তারেক রহমান শনিবার নির্বাচন ভবনে এসে ভোটার হবেন কি না, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি তিনি।

ইতোমধ্যে আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। দলীয় নেতাকর্মীরা তার মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

দীর্ঘ ১৭ বছর পর গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফেরেন তারেক রহমান। ঢাকায় পৌঁছে তিনি পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় সংবর্ধনায় যোগ দেন এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে যান। এরপর গুলশানের বাসভবনে ফেরেন।

আজ বাদ জুমা তিনি শেরেবাংলা নগরে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন এবং পরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। আগামীকালের কর্মসূচির মধ্যে রয়েছে আগারগাঁও নির্বাচন অফিসে ভোটার তালিকায় নাম নিবন্ধন, আহত জুলাই যোদ্ধাদের দেখতে হাসপাতাল পরিদর্শন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহিদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত।