
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে, এ নিয়ে থাকা সব সংশয় দূর হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।
পোস্টে শফিকুল আলম লেখেন, সাধারণ নির্বাচন ও গণভোটের জন্য এখন আর মাত্র সাত সপ্তাহ বা ৪৯ দিন বাকি। তিনি বলেন, নির্বাচন সময়মতো হবে- এ বিষয়ে তার কখনোই সন্দেহ ছিল না, যদিও কিছু সময়ে ব্যক্তিগত উদ্বেগ কাটিয়ে উঠতে হয়েছে।
তিনি উল্লেখ করেন, বৃহস্পতিবার ৩০০ ফিট এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে বিপুল মানুষের সমাগম নির্বাচন নিয়ে সমালোচকদের সব সংশয় দূর করেছে। এটি দেশের নির্বাচন প্রস্তুতির একটি স্পষ্ট প্রমাণ বলে মন্তব্য করেন তিনি।
প্রেস সচিব আরও জানান, আগামী এক-দুই দিনের মধ্যেই সংসদ নির্বাচনে মনোনয়ন দাখিল শুরু হবে। এরপর হাজার হাজার প্রার্থী মাঠে নামবেন, প্রিন্টিং প্রেসগুলো ব্যস্ত হয়ে উঠবে এবং টেলিভিশন চ্যানেলগুলোতে নির্বাচনী বিতর্ক শুরু হবে, যা গ্রাম পর্যায় পর্যন্ত পৌঁছাবে।
পোস্টের শেষাংশে শফিকুল আলম বলেন, বাংলাদেশ গভীর বিভাজন ও ক্ষত বহন করছে, যা কেবল একটি সত্যিকার অর্থে বিশ্বাসযোগ্য নির্বাচনই নিরাময় করতে পারে।



































