সোমবার । মার্চ ২৩, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট জাতীয় ২৬ ডিসেম্বর ২০২৫, ১১:০১ অপরাহ্ন
শেয়ার

জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি তারেক রহমানের শ্রদ্ধা


Tarique Rahman Savar 3

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে তাকে বহনকারী গাড়ি জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে প্রবেশ করে

সাভারের জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে তাকে বহনকারী গাড়ি জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে প্রবেশ করে। সেখানে তিনি শহীদদের স্মরণে শ্রদ্ধা জানান।

এর আগে নিয়ম অনুযায়ী সূর্যাস্তের আগে স্মৃতিসৌধে পৌঁছানো সম্ভব না হওয়ায় তারেক রহমানের পক্ষে বিএনপির শীর্ষ নেতারা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বিকেল ৫টা ৬ মিনিটে দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ও গয়েশ্বর চন্দ্র রায়ের নেতৃত্বে নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।

দেশে ফেরার পরদিন আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) তারেক রহমান তার বাবা, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান। বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়াউর রহমানের সমাধিতে তিনি ফাতেহা পাঠ ও দোয়া করেন। সেখান থেকে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হন।

আগামী শনিবার (২৭ ডিসেম্বর) তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা শহীদ ওসমান হাদির কবরে জিয়ারত করবেন। এরপর তিনি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে গিয়ে নিজের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন ও ভোটার হওয়ার আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করবেন।

নির্বাচন ভবনের কর্মসূচি শেষে তিনি শ্যামলীতে অবস্থিত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) যাবেন। সেখানে জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে গুরুতর আহত ও বর্তমানে চিকিৎসাধীন ব্যক্তিদের শারীরিক অবস্থার খোঁজখবর নেবেন বলে জানা গেছে।