সোমবার । মার্চ ২৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৮ ডিসেম্বর ২০২৫, ৮:০৭ পূর্বাহ্ন
শেয়ার

অন্তর্বর্তী সরকারের সময়েই হাদি হত্যার বিচার হবে: উপদেষ্টা রিজওয়ানা


Rezwana-Hasan

সংগৃহীত ছবি

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, শরীফ ওসমান হাদি হত্যা মামলার চার্জশিট আগামী ৭ জানুয়ারি দাখিল করা হবে। চার্জশিট দেওয়ার পর অন্তর্বর্তী সরকারের মেয়াদের মধ্যেই এ হত্যাকাণ্ডের বিচার কার্যক্রম সম্পন্ন করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

শনিবার (২৭ ডিসেম্বর) রাতে রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে সাংবাদিকদের এ কথা বলেন উপদেষ্টা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, হাদি হত্যাকাণ্ডে সরাসরি জড়িতদের পাশাপাশি এর পেছনে থাকা ব্যক্তিদের শনাক্ত করতে সরকার কাজ করে যাচ্ছে। চার্জশিট যেন নির্ভুল ও নিখুঁতভাবে দেওয়া যায়, সে লক্ষ্যেই তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে, যাতে কোথাও কোনো ফাঁকফোকর না থাকে।

উপদেষ্টা আরও বলেন, “আমরা একটি শত্রুপক্ষের মুখোমুখি দাঁড়িয়ে কাজ করছি। তাই এমন কোনো তথ্য প্রকাশ করা হবে না, যা শত্রুপক্ষকে শক্তিশালী করতে পারে।”

হত্যাকাণ্ডে জড়িতরা দেশের বাইরে অবস্থান করলে তাদের ফিরিয়ে আনতে কূটনৈতিক চ্যানেলে ভারতের সঙ্গে যোগাযোগ করা হয়েছে জানিয়ে রিজওয়ানা হাসান বলেন, সংশ্লিষ্ট ব্যক্তিরা ভারতে অবস্থান করলে সে ক্ষেত্রে সহায়তা দিতে দেশটি সম্মতি জানিয়েছে। তবে তদন্তের স্বার্থে এ বিষয়ে এর বেশি কিছু বলা সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেন।

তিনি জানান, মামলার অগ্রগতি ও তদন্ত সংক্রান্ত বিস্তারিত তথ্য ডিবি পুলিশ শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাবে।