সোমবার । মার্চ ২৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৮ ডিসেম্বর ২০২৫, ৮:৩১ পূর্বাহ্ন
শেয়ার

‘হাদি হত্যায় জড়িতদের নাম উন্মোচন করে দেব’


DMP-Commissioner

ফাইল ছবি

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তির নাম ও ঠিকানা উন্মোচন করা হবে। এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীসহ সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনার ব্যাপারে পুলিশ দৃঢ়প্রতিজ্ঞ।

শনিবার (২৭ ডিসেম্বর) রাতে রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, হাদি হত্যাকাণ্ড একটি রহস্যজনক ঘটনা এবং এর পেছনে একাধিক ব্যক্তি জড়িত থাকার প্রমাণ পাওয়া যাচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডের নেপথ্যে কারা রয়েছে, তা উদঘাটনে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি পিস্তল উদ্ধার করা হয়েছে, যেগুলো বৈজ্ঞানিক পরীক্ষার জন্য সিআইডিতে পাঠানো হয়েছে। এছাড়া ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি ডিবি পুলিশ উদ্ধার করেছে।

হত্যাকাণ্ডে বিপুল অর্থ ব্যয় করা হয়েছে উল্লেখ করে শেখ মো. সাজ্জাত আলী বলেন, তদন্তের সময় ২১৮ কোটি টাকার স্বাক্ষরিত চেক উদ্ধার করা হয়েছে। মামলার তদন্ত দ্রুত শেষ করে আগামী ১০ দিনের মধ্যে, অর্থাৎ ৭ জানুয়ারির মধ্যেই চার্জশিট দাখিল করা হবে বলে তিনি জানান।

ডিএমপি কমিশনার বলেন, এই হত্যাকাণ্ডের পেছনে যারা সরাসরি ও পরোক্ষভাবে জড়িত, তাদের সবাইকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।