
রাজধানীর বাড্ডায় গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। তবে এটি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনী কার্যালয়ে হয়নি বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে যে, নাহিদ ইসলামের নির্বাচনী ক্যাম্পে গুলির ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হলে বিকেল পাঁচটার দিকে এনসিপি হোয়াটসঅ্যাপে একটি বিবৃতি দেয়। এতে বলা হয়, বাড্ডার ৩৮ নম্বর ওয়ার্ডে এনসিপির সাংগঠনিক অফিসের পাশের এলাকায় গুলির ঘটনা ঘটেছে। এটি কোনো নির্বাচনী অফিস বা নাহিদ ইসলামের কার্যালয় নয় এবং ঘটনার সঙ্গে রাজনৈতিক সম্পৃক্ততা নেই।
পুলিশের বাড্ডা অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মো. আসাদুজ্জামান জানান, মঙ্গলবার রাতে উত্তর বাড্ডায় একটি আবাসন কোম্পানির কার্যালয় লক্ষ্য করে দুটি ফাঁকা গুলি ছোড়া হয়। ওই স্থানে আগে এনসিপির একটি অফিস ছিল, তবে গত নভেম্বরে সেটি আফতাবনগরে স্থানান্তর করা হয়।
তিনি বলেন, ঘটনাটি এনসিপির কার্যালয়কে লক্ষ্য করে ঘটেছে- এমন দাবি সঠিক নয়।










































