
ফাইল ছবি
ফেব্রুয়ারি মাসের শুরুতেই সরকারি চাকরিজীবীদের জন্য থাকছে টানা চার দিনের ছুটি কাটানোর সুযোগ। পবিত্র শবে বরাত উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি ঘোষণার ফলে এই সুযোগ তৈরি হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। সে পরিপ্রেক্ষিতে পরদিন ৪ ফেব্রুয়ারি (বুধবার) সরকারি ছুটি থাকবে। এর সঙ্গে যদি ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) এক দিনের ছুটি নেওয়া হয়, তাহলে টানা চার দিনের অবকাশ পাওয়া যাবে।
কারণ, ৬ ও ৭ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্রবার ও শনিবার, যা সাপ্তাহিক ছুটি হিসেবে আগেই নির্ধারিত। ফলে মাত্র এক দিনের ঐচ্ছিক ছুটি নিলেই সরকারি চাকরিজীবীরা টানা চার দিন ছুটি কাটানোর সুযোগ পাবেন।
এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ সালের সরকারি ছুটির তালিকার প্রজ্ঞাপন অনুযায়ী, চলতি বছরে মোট ১৪ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। এর মধ্যে ৯ দিনই পড়েছে শুক্র ও শনিবারে।
এ ছাড়া ২০২৬ সালে ধর্মীয় ও সম্প্রদায়ভিত্তিক ছুটির মধ্যে মুসলিম কর্মচারীদের জন্য পাঁচ দিন, হিন্দু কর্মচারীদের জন্য নয় দিন, খ্রিস্টান কর্মচারীদের জন্য আট দিন, বৌদ্ধ কর্মচারীদের জন্য সাত দিন এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কর্মচারীদের জন্য দুই দিন ঐচ্ছিক ছুটির ব্যবস্থা রাখা হয়েছে।
সব মিলিয়ে বছরের শুরুতেই টানা ছুটির এই সুযোগ সরকারি চাকরিজীবীদের জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে।









































