
আওয়ামী লীগের শাসনামলে ২০১৬ সালে ঢাকার কল্যাণপুরের ‘জাহাজ বাড়িতে’ কথিত জঙ্গি আস্তানায় অভিযানের নামে ৯ তরুণকে হত্যার অভিযোগ এনে সাবেক প্রধানমন্ত্রী হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলায় এ প্রসিকিউশন দাখিল করা হয়।
এতে শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আই জি পি এ কে এম শহিদুল হক, ডিএমপি কমিশনার আসাদুজ্জামান এসবি প্রধান মনিরুল ইসলামসহ ৮ জনকে অভিযুক্ত করা হয়েছে।
এই মামলায় গ্রেফতার দেখিয়ে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হক, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া ও ডিএমপি মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার (ডিসি) মো. জসীম উদ্দীন মোল্লাকে কারাগারে পাঠানো হয়েছে। ট্রাইব্যুনালের অনুমতি নিয়ে এরই মধ্যে তাদের কয়েক দফা জিজ্ঞাসাবাদ করেছেন মামলার তদন্ত কর্মকর্তা।
২০১৬ সালের ২৫ জুলাই রাজধানীর কল্যাণপুরের জাহাজ বাড়ি নামের বাড়িতে ৯ জনকে আটকে রেখে কথিত জঙ্গি অভিযানের নামে গুলি করে হত্যা করা হয় বলে দাবি প্রসিকিউশনের।








































