রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৩১ জানুয়ারি ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শেয়ার

রানা প্লাজার ত্রাণ তহবিলের ১২৭ কোটি টাকা আত্মসাৎ করেন হাসিনা


press-conference

ছবি: সংগৃহীত

সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় ক্ষতিগ্রস্ত ও নিহত শ্রমিকদের জন্য গঠিত প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ১২৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। শনিবার (৩১ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ৩’শ জন ক্ষতিগ্রস্ত শ্রমিকের সংগঠন ‘রানা প্লাজা সার্ভাইবারস এসোসিয়েশন’ এই চাঞ্চল্যকর অভিযোগ উত্থাপন করে।

সংবাদ সম্মেলনে দুর্ঘটনার এক যুগ পরও যথাযথ ক্ষতিপূরণ ও চিকিৎসা না পাওয়ায় উপস্থিত অনেক শ্রমিক কান্নায় ভেঙে পড়েন। সংগঠনের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন লিখিত বক্তব্যে বলেন, ঘটনার এক যুগেরও বেশি সময় পেরিয়ে গেলেও আহত ও নিহত শ্রমিকদের পরিবার এখনো পূর্ণ ক্ষতিপূরণ, উন্নত চিকিৎসা এবং পুনর্বাসন থেকে বঞ্চিত। অর্থের অভাবে অনেক ভুক্তভোগী পরিবার বর্তমানে মানবেতর জীবনযাপন করছে।

এসোসিয়েশনের নেতারা অভিযোগ করেন যে, এখনও বিদেশে রানা প্লাজা ক্ষতিগ্রস্তদের নামে অর্থ সংগ্রহ করা হচ্ছে, কিন্তু সেই টাকা প্রকৃত ভুক্তভোগীদের হাতে পৌঁছাচ্ছে না। নেতারা এটিকে শ্রমিকদের সঙ্গে ‘চরম প্রতারণা’ হিসেবে উল্লেখ করেন। এ সময় তারা শ্রমিক নেত্রী ইয়াসমিন চৌধুরীর বিরুদ্ধে দায়েরকৃত মামলাকে ভিত্তিহীন ও হয়রানিমূলক বলে দাবি করে অবিলম্বে তা প্রত্যাহারের আহ্বান জানান।

সম্মেলন থেকে শ্রমিকদের অধিকার নিশ্চিতে ৬টি সুনির্দিষ্ট দাবি উত্থাপন করা হয়: ১. স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত না হওয়া পর্যন্ত বিদেশে অর্থ সংগ্রহ বন্ধ করা। ২. নিহত ও ক্ষতিগ্রস্ত সকল শ্রমিকের ন্যায্য ও পূর্ণ ক্ষতিপূরণ নিশ্চিত করা। ৩. পঙ্গু ও আহত শ্রমিকদের দীর্ঘমেয়াদি চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করা। ৪. বিদেশ থেকে প্রাপ্ত সকল অর্থের হিসাব প্রকাশ ও নিরপেক্ষ তদন্ত করা। ৫. শ্রমিক নেত্রী ইয়াসমিন চৌধুরীর বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার করা। ৬. ক্ষতিগ্রস্তদের সরাসরি অংশগ্রহণ ছাড়া কোনো পুনর্বাসন প্রকল্প গ্রহণ না করা।

সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মাহমুদুল হাসান হৃদয় ও কার্যকরী সদস্য ওহিদুল ইসলামসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। তারা স্পষ্টভাবে জানান, এটি কোনো করুণা নয় বরং তাদের সাংবিধানিক অধিকার। সরকারের বর্তমান প্রশাসন ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোরালো আহ্বান জানান তারা।