রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৩১ জানুয়ারি ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শেয়ার

টিআইবির বিবৃতি

খসড়া গণমাধ্যম কমিশন অধ্যাদেশ অন্তর্বর্তী সরকারের ‘বিদায়ী পরিহাস’


TIB

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) শনিবার জাতীয় গণমাধ্যম কমিশন ও সম্প্রচার কমিশন খসড়া অধ্যাদেশকে জনপ্রত্যাশার প্রতি অন্তর্বর্তী সরকারের বিদায়ী পরিহাস হিসেবে অভিহিত করেছে। সংস্থার নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ১০ মাসেরও বেশি সময় ধরে গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে সরকারের অবহেলার পর মেয়াদের শেষ মুহূর্তে উভয় খসড়া প্রকাশ ও মাত্র তিন দিন সময় দিয়ে মতামত চাওয়া উদ্বেগজনক।

ড. ইফতেখারুজ্জামান বলেন, খসড়া দুটি গণমাধ্যমের ওপর সরকারি ও আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণ বাড়ানোর উদ্দেশ্যে তৈরি, যা স্বাধীন সংবাদ পরিবেশ ও সম্প্রচার মাধ্যম বিকাশের প্রত্যাশার পরিহাসমূলক ব্যর্থতা। তিনি উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদে রাষ্ট্রীয় ও অরাষ্ট্রীয় নিয়ন্ত্রণ, সহিংসতা এবং কর্তৃত্বপ্রতিষ্ঠার চেষ্টার প্রমাণ ইতোমধ্যেই দৃশ্যমান ছিল।

বিবৃতিতে আরও বলা হয়, আসন্ন নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোও দেশের মুক্ত গণমাধ্যম ও স্বাধীন সম্প্রচার মাধ্যমের প্রতি আগ্রহী, এবং তারা নির্বাচনী ইশতেহারে এই বিষয়ের গুরুত্ব পুনর্ব্যক্ত করেছে। টিআইবি আশা প্রকাশ করেছে, নতুন সংসদ গঠনের পর রাজনৈতিক দলগুলো অংশগ্রহণমূলক প্রক্রিয়ায় কার্যকর গণমাধ্যম কমিশন গঠন নিশ্চিত করবে, যা দেশে পেশাদারিত্বের সঙ্গে স্বাধীন সংবাদ পরিবেশ বজায় রাখতে সক্ষম হবে।