রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১ ফেব্রুয়ারি ২০২৬, ৪:৪৫ অপরাহ্ন
শেয়ার

জাতীয় নির্বাচন লেভেল প্লেয়িং ফিল্ডেই হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা


Home adviser

ফাইল ছবি

আসন্ন জাতীয় নির্বাচন সমান সুযোগের পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সরকার নির্বাচনকে একটি লেভেল প্লেয়িং ফিল্ডে আয়োজনের জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

রোববার (১ ফেব্রুয়ারি) চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ শব্দটি বহুদিন ধরেই ব্যবহৃত হয়ে আসছে। কেউ বলে মাঠ সমান, কেউ বলে সমান নয়। তবে আমরা আমাদের দায়িত্ব অনুযায়ী চেষ্টা করছি, যাতে নির্বাচনটি প্রকৃত অর্থেই লেভেল প্লেয়িং ফিল্ডে অনুষ্ঠিত হয়।’

আইনশৃঙ্খলা রক্ষার বিষয়টি চ্যালেঞ্জিং উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর যে প্রস্তুতি নেওয়া হয়েছে, তা সন্তোষজনক।

নির্বাচনের সময় ইন্টারনেট ব্যবহারের বিষয়ে তিনি বলেন, ইন্টারনেট চালু রাখার পরিকল্পনাই সরকারের। কেউ যদি ইচ্ছাকৃতভাবে ইন্টারনেট বন্ধ করার চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজব প্রতিরোধে শক্তিশালী ও দায়িত্বশীল সাংবাদিকতার ভূমিকার ওপরও গুরুত্ব দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, চট্টগ্রামের পাহাড়ি ও সমতল অঞ্চল এবং ভৌগোলিক বাস্তবতা বিবেচনায় নিয়ে নির্বাচন নির্বিঘ্ন করতে সেনাবাহিনীসহ সব আইনশৃঙ্খলা বাহিনী নিজ নিজ অবস্থান থেকে প্রস্তুতি গ্রহণ করেছে।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, সম্মিলিত প্রচেষ্টায় একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।