
ফেব্রুয়ারি মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ভোক্তা পর্যায়ের দাম বাড়বে নাকি কমবে- সে বিষয়ে আজ সোমবার বিকেলে সিদ্ধান্ত জানাবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বিইআরসি জানিয়েছে, বিকেল ৩টায় রাজধানীর রমনার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) ভবনের শহীদ প্রকৌশলী ভবনের ষষ্ঠ তলায় কমিশনের কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন দর ঘোষণা করা হবে।
রোববার (১ ফেব্রুয়ারি) জারি করা এক বিজ্ঞপ্তিতে কমিশন জানায়, সৌদি আরামকো ঘোষিত ফেব্রুয়ারি ২০২৬ মাসের সৌদি সিপি অনুযায়ী বেসরকারি খাতে ভোক্তা পর্যায়ে এলপিজির মূল্য সমন্বয় সংক্রান্ত আদেশ আজ প্রকাশ করা হবে। এ সংক্রান্ত আদেশ বিইআরসির ওয়েবসাইটেও পাওয়া যাবে।
এর আগে, চলতি বছরের জানুয়ারিতে দেশে এলপিজির দাম বাড়ানো হয়। গত ৪ জানুয়ারি ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করে বিইআরসি। একই সঙ্গে অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৫৭ টাকা ৩২ পয়সা থেকে ২ টাকা ৪৮ পয়সা বাড়িয়ে ৫৯ টাকা ৮০ পয়সা নির্ধারণ করা হয়।





































