গত ১ ফেব্রুয়ারি, নানা আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান ‘সুরভী’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৯ সালের এই দিনে বিশিষ্ট সমাজসেবী ও একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব সৈয়দা ইকবাল মান্দ বানু মাত্র একজন ছাত্রীকে নিয়ে যে যাত্রার সূচনা করেছিলেন, আজ এক বিশাল প্রতিষ্ঠানে রূপ নিয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই বিশেষ দিনে বর্তমান শিক্ষার্থীদের মনোজ্ঞ কোরআন তিলাওয়াত, কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার অনুপ্রেরণা দেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সৈয়দা ইকবাল মান্দ বানু। এবারের আয়োজনে বিশেষ কৃতিত্বের স্মারক হিসেবে দুজন শিক্ষার্থীকে তাদের সর্বাঙ্গীণ মেধা ও দক্ষতার স্বীকৃতিস্বরূপ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। উৎসবের অন্যতম প্রাপ্তি ছিল এই প্রতিষ্ঠানেরই অনেক প্রাক্তন শিক্ষার্থীর উপস্থিতি, যারা আজ সুপ্রিম কোর্টের আইনজীবী, প্রকৌশলী কিংবা প্রফেসরের মতো গুরুত্বপূর্ণ পদে আসীন হয়ে সমাজ ও রাষ্ট্রে নিজেদের অবদান রাখছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এয়ার কমোডর সৈয়দ শফিউজ্জামান, সৈয়দা শাহিনা জামান খান, বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমান এবং জায়মা রহমানসহ প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীবৃন্দ। সবশেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।






































