রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ৩ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৫৯ অপরাহ্ন
শেয়ার

৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান


সরকার গঠন করলে সবাইকে নিয়েই ৩১ দফা বাস্তবায়ন হবে: তারেক রহমান

ফাইল ছবি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ভাষণ দেবেন। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বিটিভিকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিকের সই করা এক চিঠি থেকে এ তথ্য জানা যায়।

চিঠিতে উল্লেখ করা হয়, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে উপযুক্ত নির্বাচনী পরিবেশ সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম হিসেবে বাংলাদেশ টেলিভিশনে সব রাজনৈতিক দলের জন্য সমান প্রচারণার সুযোগ থাকা প্রয়োজন। দলীয় প্রধানদের নির্বাচনী প্রচারের জন্য বিটিভিতে স্লট বরাদ্দের বিষয়ে কমিশন প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে।

ইসি জানায়, জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৬-এর উপবিধি (গ) অনুসরণ করে লিখিত আবেদন পাওয়ার ক্রমানুসারে স্লট নির্ধারণ করতে হবে। প্রতিটি রাজনৈতিক দলের প্রধানের জন্য পৃথক স্লট ও স্লটের মেয়াদ নির্ধারণ করবে বিটিভি। একই সঙ্গে প্রচারণা রেকর্ডিংয়ের তারিখ ও সময় সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করা হবে।

এ ছাড়া যেসব রাজনৈতিক দল বিটিভিতে প্রচারণার সুযোগ চাইবে, তাদের আবেদন পাওয়ার ক্রমানুসারে বক্তব্য প্রদানের সুযোগ দিতে হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়।

তবে চিঠিতে বলা হয়েছে, এখন পর্যন্ত বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের কাছ থেকে আবেদন পাওয়া যায়নি। সে কারণে বিএনপির দলীয় প্রধানের আবেদনের প্রেক্ষিতে আগামী ৯ ফেব্রুয়ারি শেষ স্লটে তার বক্তব্য প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিটিভিকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

এবারের জাতীয় সংসদ নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল প্রার্থী দিয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন আচরণ বিধিমালা অনুযায়ী প্রার্থীরা ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন।