শনিবার । মার্চ ২১, ২০২৬
প্রবাস ডেস্ক প্রবাস ৮ ফেব্রুয়ারি ২০২৬, ৭:২০ পূর্বাহ্ন
শেয়ার

মালয়েশিয়ায় হাসপাতালে ভর্তি অজ্ঞাত বাংলাদেশির পরিচয় খুঁজছে হাইকমিশন


malaysia-bangladeshi

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার পেরাক রাজ্যের একটি হাসপাতালে গুরুতর অসুস্থ ও মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় এক অজ্ঞাতপরিচয় বাংলাদেশি কর্মী চিকিৎসাধীন রয়েছেন। নিজের নাম-পরিচয় কিংবা দেশের ঠিকানা জানাতে না পারায় তাঁর পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। এ অবস্থায় ওই কর্মীর পরিচয় শনাক্তে প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা চেয়েছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেউ যদি ওই ব্যক্তিকে চিনে থাকেন বা তাঁর আত্মীয়-স্বজনের পরিচয় ও ঠিকানা সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে দ্রুত হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে। বিজ্ঞপ্তির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির ছবি ও সংক্ষিপ্ত বিবরণও প্রকাশ করা হয়েছে।

হাইকমিশনের তথ্য অনুযায়ী, গত ২৭ ডিসেম্বর মালয়েশিয়ান পুলিশ পেরাক রাজ্যের তেলোক ইনতান এলাকা থেকে ওই বাংলাদেশি কর্মীকে আটক করে। আটকের সময় তাঁর কাছে পাসপোর্ট, ভিসা কিংবা জাতীয় পরিচয়পত্রসহ কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। অনাধিকার প্রবেশের অভিযোগে আটক করা হলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পুলিশ তাকে তাৎক্ষণিকভাবে পেরাকের হাসপাতাল বাহাগিয়া উলু কিন্তায় ভর্তি করে।

পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি বাংলাদেশ হাইকমিশনকে জানালে, ২৯ জানুয়ারি ২০২৬ হাইকমিশনের একটি প্রতিনিধি দল হাসপাতালে গিয়ে ওই কর্মীকে পরিদর্শন করেন। চিকিৎসকদের বরাতে হাইকমিশন জানায়, বর্তমানে ওই কর্মী মানসিক ভারসাম্যহীন অবস্থায় রয়েছেন এবং কথা বলা বা লিখতে সম্পূর্ণ অক্ষম। দীর্ঘ সময় চেষ্টা করেও তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

এ অবস্থায় মানবিক দায়িত্ববোধ থেকে মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের কাছে আহ্বান জানিয়েছে হাইকমিশন। কোনো তথ্য জানা থাকলে তা দ্রুত জানিয়ে একজন অসহায় প্রবাসীকে তাঁর পরিচয় ও পরিবারের কাছে ফিরিয়ে দিতে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।