শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ২১ মার্চ ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শেয়ার

শোলাকিয়ায় ১৯৯তম ঈদ জামাত: লাখো মুসল্লির ঢল ও বিশ্বশান্তির দোয়া


sholakia

১৯৯তম এই ঈদুল ফিতরের জামাতে অংশ নিতে আসা মানুষের উপস্থিতিতে পুরো মাঠ একসময় জনসমুদ্রে পরিণত হয়

দুই শতাব্দীর ঐতিহ্য ধরে রেখে এবারও শোলাকিয়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হলো উপমহাদেশের সবচেয়ে বড় ঈদুল ফিতরের জামাত। শনিবার ভোর থেকেই দূর-দূরান্ত থেকে মুসল্লিদের ঢল নামে কিশোরগঞ্জ শহরের পূর্ব প্রান্তে অবস্থিত এই ঐতিহাসিক ময়দানে।

নামাজ শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন লাখ লাখ মুসল্লি। ১৯৯তম এই ঈদুল ফিতরের জামাতে অংশ নিতে আসা মানুষের উপস্থিতিতে পুরো মাঠ একসময় জনসমুদ্রে পরিণত হয়। মাঠ ছাড়িয়ে আশপাশের সড়ক, খোলা জায়গা এমনকি বাড়ির ছাদে দাঁড়িয়েও অসংখ্য মুসল্লি নামাজ আদায় করেন।

কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে একাধিক তল্লাশি পয়েন্ট পার হয়ে মুসল্লিরা জামাতে শরিক হন। বেলা ১০টার পর ঐতিহাসিক এই জামাতে ইমামতি করেন মুফতি আবুল খায়ের মো. সাইফুল্লাহ। নামাজ শেষে মুসল্লিদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক খুতবা প্রদান করেন ইমাম।

পরে এক আবেগঘন মোনাজাতে পাপমুক্তি ও আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় অনেক মুসল্লিকে চোখের পানিতে ভেঙে পড়তে দেখা যায়। মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, বৈশ্বিক শান্তি এবং বাংলাদেশের অব্যাহত উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করা হয়। ইতিহাস অনুযায়ী, একসময় সোয়া লাখ মুসল্লির নামাজ আদায়ের ঘটনা থেকেই এই ময়দানের নাম হয় ‘সোয়ালাখিয়া’। সময়ের পরিক্রমায় সেই ‘সোয়ালাখিয়া’ নামটিই বর্তমানে সবার কাছে ‘শোলাকিয়া’ হিসেবে পরিচিতি পেয়েছে।