
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের আমলে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি সই হচ্ছে না।
রোববার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ডিপি ওয়ার্ল্ড কর্তৃপক্ষ চুক্তির খসড়া পর্যালোচনার জন্য কিছু সময় চেয়েছে। কিন্তু সরকারের হাতে মাত্র দুইটি কার্যদিবস বাকি থাকায় এই সময়ের মধ্যে চুক্তি সম্পন্ন করা সম্ভব হচ্ছে না।
আশিক চৌধুরী জানান, চট্টগ্রাম বন্দর সংক্রান্ত প্রকল্পটি ২০১৯ সালে শুরু হয় এবং গত এক মাস ধরে চূড়ান্ত বোঝাপড়ার ধাপ চলছিল, যা এখনো অব্যাহত রয়েছে। সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন বলেও জানান তিনি।
তিনি বলেন, রোববার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডিপি ওয়ার্ল্ডের একটি চিঠি পাওয়া গেছে। ওই চিঠিতে চলমান আলোচনার অগ্রগতির বিষয়ে সন্তোষ প্রকাশ করা হয়েছে এবং ভবিষ্যতে এই আলোচনা আরও এগিয়ে যাবে বলে আশা ব্যক্ত করা হয়েছে। পাশাপাশি ডিপি ওয়ার্ল্ডের কাছে পাঠানো খসড়া কনসেশন অ্যাগ্রিমেন্ট পর্যালোচনার জন্য তারা অতিরিক্ত সময় চেয়েছে।
বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, এ অবস্থায় বর্তমান সরকারের মেয়াদে চুক্তি সই না হওয়ার বিষয়টি নিশ্চিতভাবেই বলা যায়। কারণ হাতে থাকা দুই কার্যদিবসের মধ্যে খসড়া চুক্তি ফিরে পাওয়া, মন্ত্রিসভায় অনুমোদন নেওয়া এবং চূড়ান্তভাবে সই করার প্রক্রিয়া সম্পন্ন করা বাস্তবসম্মত নয়। তাছাড়া চুক্তি সইয়ের জন্য কোনো নির্দিষ্ট তারিখও আগে নির্ধারিত ছিল না।
এদিকে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা না দেওয়ার দাবিতে ‘চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’ আজ থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে। এর ফলে চট্টগ্রাম বন্দরে কনটেইনার ডেলিভারির কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
সকালে সীমিত পরিসরে জেটিতে কিছুক্ষণ পণ্য খালাসের কাজ চললেও পরে তা বন্ধ হয়ে যায়। পাশাপাশি বহির্নোঙরেও পণ্য খালাসের কার্যক্রম ব্যাহত হচ্ছে।





































