
অধ্যাপক ড. মামুন আহমেদ
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ। সোমবার (১৬ মার্চ) বিকেল ৪টার পর শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
এর আগে আজ সোমবার সকালে শিক্ষা মন্ত্রণালয়ে নিজের পদত্যাগপত্র পাঠান ইউজিসির বিদায়ী চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি এই দায়িত্ব থেকে অব্যাহতি চান।
পদত্যাগপত্রে ড. ফায়েজ উল্লেখ করেন, ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর তিনি ইউজিসি চেয়ারম্যান হিসেবে যোগদান করেছিলেন। তবে বর্তমান শারীরিক অবস্থায় এই গুরুদায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করে তিনি অব্যাহতি দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানান।
ড. ফায়েজের পদত্যাগের কয়েক ঘণ্টার ব্যবধানেই নতুন চেয়ারম্যানের নাম ঘোষণা করে সরকার। অধ্যাপক ড. মামুন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি একাডেমিক অঙ্গনে অত্যন্ত পরিচিত মুখ। উচ্চশিক্ষার মানোন্নয়ন ও বিশ্ববিদ্যালয়গুলোর তদারকিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী।






































