সোমবার । মার্চ ১৬, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৬ মার্চ ২০২৬, ৯:৩৭ অপরাহ্ন
শেয়ার

সবার সহযোগিতায় সুন্দর নির্বাচন সম্ভব হয়েছে: সিইসি


CEC

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারায় সন্তোষ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, জাতির কাছে দেওয়া প্রতিশ্রুতি সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে পূরণ করা সম্ভব হয়েছে এবং সবার সহযোগিতায় একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়া গেছে।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নির্বাচনী প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ জোরদার বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাটির আয়োজন করে নির্বাচন কমিশন (ইসি) ও ইউএনডিপি।

সিইসি বলেন, নির্বাচনের দিন কেউ ভোট দিতে পারেননি—এমন অভিযোগ এখনো তিনি শোনেননি। ভোটাররা নির্বিঘ্নে ভোট দিয়েছেন বলেও তারা জানিয়েছেন।

নির্বাচনে ব্যবহৃত অমোচনীয় কালির মান নিয়েও তিনি সন্তোষ প্রকাশ করে বলেন, এবারের কালি এতটাই টেকসই যে সহজে উঠছে না। দেশের ইতিহাসে এবারই সবচেয়ে ভালো মানের কালি ব্যবহার করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

‘সংখ্যালঘু’ শব্দের ব্যবহারে আপত্তি জানিয়ে সিইসি বলেন, বাংলাদেশে সবাই সমান নাগরিক এবং সবার সমান অধিকার রয়েছে।

এ সময় তিনি নারীদের অবদানের কথা তুলে ধরে বলেন, গৃহস্থালি কাজের আর্থিক মূল্যায়ন করা হলে দেশের জিডিপি কয়েকগুণ বাড়তে পারে। সদ্যসমাপ্ত নির্বাচনে নারী কর্মকর্তাদের ভূমিকাও ছিল প্রশংসনীয় এবং তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি।

ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ ও আনোয়ারুল ইসলাম সরকারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।