
শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং আইজিপি মো. আলী হোসেন ফকির
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে সাতটার দিকে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে অবস্থিত পুলিশ স্মৃতিসৌধে তাঁরা এই শ্রদ্ধা জানান।
অনুষ্ঠানের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং আইজিপি মো. আলী হোসেন ফকিরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। শ্রদ্ধা নিবেদনকালে পুলিশের একটি সুসজ্জিত দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে এবং বিউগলে বেজে ওঠে করুণ সুর।
স্বরাষ্ট্রমন্ত্রীর পর আইজিপি মো. আলী হোসেন ফকির পৃথকভাবে পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শহীদদের বীরত্বগাথা স্মরণ করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন।
এরপর পর্যায়ক্রমে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার, বিপিএম, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের (বিপিউডব্লিউএন) প্রতিনিধিরা পুষ্পস্তবক অর্পণ করে শহীদ পুলিশ সদস্যদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।









































