বৃহস্পতিবার । এপ্রিল ২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আদালত ২ এপ্রিল ২০২৬, ৩:১৮ অপরাহ্ন
শেয়ার

হামের প্রকোপ বেড়ে যাওয়ায় স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে রিট


হামের প্রকোপ বেড়ে যাওয়ায় স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে রিট

ফাইল ছবি

হামের তীব্রতা বৃদ্ধি ও হামের কারণে ৪৭ শিশু মৃত্যুর ঘটনায় রোগটির প্রকোপ না কমা পর্যন্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একই সঙ্গে হাম আক্রান্ত হয়ে শিশুর মৃত্যুর এ ঘটনায় উচ্চপর্যায়ের একটি তদন্ত কমিটি গঠনের আবেদন জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার পুর্নিমা জাহান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিটটি দায়ের করেন।

রিটে স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিবাদীদের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতাকে কেন অবৈধ ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল জারির আবেদন করা হয়েছে। রিট আবেদনে বলা হয়েছে, সময়মতো শিশুদের টিকাদান নিশ্চিত করতে ব্যর্থতা, টিকার পর্যাপ্ত মজুদ বজায় রাখতে না পারা এবং জরুরি স্বাস্থ্যসেবায় ঘাটতি সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন।

আবেদনকারী আইনজীবী জানান, দ্রুততম সময়ের মধ্যে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে এই রিটের শুনানি হতে পারে। রিটে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা চাওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে—দেশব্যাপী জরুরি ভিত্তিতে হামের টিকাদান কর্মসূচি শুরু করা, সিরিঞ্জসহ প্রয়োজনীয় লজিস্টিক সরবরাহ নিশ্চিত করা এবং প্রতিটি হাসপাতালে বিশেষায়িত ইউনিট ও আইসিইউসহ কার্যকর জরুরি চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলা।

সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে হামের প্রকোপ আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় এবং বিপুল সংখ্যক শিশুর প্রাণহানির ঘটনায় জনমনে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে। এই প্রেক্ষাপটেই শিশুদের সুরক্ষায় আইনি পদক্ষেপ হিসেবে এই রিটটি দায়ের করা হলো।