
লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার (৮ এপ্রিল) ভোরে পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি বিওপির সীমান্ত পিলার ৮৭৪/৫-এস সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত আলী হোসেন উপজেলার ধবলগুড়ি পূর্ব পানিয়ারটারী গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করে ৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ফজলে মুনিম বলেন, বিএসএফের সঙ্গে আমাদের কথা হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ বর্তমানে ভারতের হাসপাতালে রয়েছে। এ ঘটনায় সীমান্তে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ ফেরত আনার প্রস্তুতি চলছে।
এর আগে, ৬ এপ্রিল ঘাস কাটতে গিয়ে বিএসএফের গুলিতে মো. মিজানুর রহমান নামে বাংলাদেশি এক যুবক আহত হন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আজ বুধবার ভোরে ফের গুলির ঘটনা ঘটলো।









































