
ছবি: সংগৃহীত
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে একটি পরিত্যক্ত পুরাতন মর্টার শেল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার বুড়িমারী ইউনিয়নের বামনদল এলাকার ৮৩৭/১ এস সীমান্ত পিলারের কাছে একটি ফসলি জমি থেকে এটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বামনদল গ্রামের বাসিন্দা সাজু তার বাড়ির পাশের ফসলি জমিতে কাজ করতে যান। এ সময় মাটির নিচে পরিত্যক্ত অবস্থায় পুরাতন এই মর্টার শেলটি দেখতে পেয়ে তিনি অন্যদের খবর দেন। বিষয়টি দ্রুত জানাজানি হলে স্থানীয়দের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়।
খবর পেয়ে তিস্তা ৬১ বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) ব্যাটালিয়নের বুড়িমারী বিওপির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং পাটগ্রাম থানা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ এসে মর্টার শেলটি উদ্ধার করে নিরাপদ হেফাজতে থানায় নিয়ে যায়।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মর্টার শেলটি বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এটি ধ্বংস করার ব্যবস্থা গ্রহণ করা হবে।









































