
বিশ্ব হরমোন দিবস উপলক্ষে রাজধানীর পরিবাগে সংবাদ সম্মেলনে বিশেষজ্ঞরা
বাংলাদেশে হরমোনজনিত স্বাস্থ্য সমস্যা এক ভয়াবহ ও নীরব মহামারির আকার ধারণ করছে। বর্তমানে দেশের প্রায় অর্ধেক মানুষ কোনো না কোনো হরমোনজনিত সমস্যায় ভুগছেন, যাদের বড় একটি অংশই রোগ জটিল হওয়ার আগে চিকিৎসকের কাছে যান না।
গতকাল বুধবার (২২ এপ্রিল) বিশ্ব হরমোন দিবস উপলক্ষে রাজধানীর পরিবাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিশেষজ্ঞরা এই তথ্য জানান। অ্যাসোসিয়েশন অব ক্লিনিক্যাল এন্ডোক্রাইনোলজিস্ট অ্যান্ড ডায়াবেটোলজিস্ট অব বাংলাদেশ (এসেডবি) এই অনুষ্ঠানের আয়োজন করে।
বিশেষজ্ঞ চিকিৎসকেরা জানান, শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট হলে প্রায় ৪০০ ধরনের রোগ হতে পারে। মূলত জীবনযাত্রার অনিয়ম, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রমের অভাব এবং অতিরিক্ত প্লাস্টিক ব্যবহারের ফলে এই ঝুঁকি বাড়ছে।

এসেডবি সভাপতি অধ্যাপক ডা. মো. ফরিদ উদ্দিন বলেন, হরমোনের ভারসাম্যহীনতায় ডায়াবেটিস, থাইরয়েড ও উচ্চ রক্তচাপের মতো রোগ সৃষ্টি হয়। বিশেষ করে শিশু-কিশোরদের মধ্যে স্থূলতা এবং নারীদের মধ্যে পলিসিস্টিক ওভারি সিনড্রোম (পিসিওএস) ও বন্ধ্যত্বের মতো সমস্যা এখন প্রকট।
চিকিৎসকরা সামাজিক ট্যাবুর ঊর্ধ্বে উঠে বৈজ্ঞানিক চিকিৎসা গ্রহণ এবং নিয়মিত ব্যায়াম ও সুষম খাদ্যাভ্যাসের মাধ্যমে এই রোগ প্রতিরোধের আহ্বান জানিয়েছেন।










































