
ছবি: সংগৃহীত
দেশে মৌসুমি বায়ুর প্রভাবে আগামী কয়েক দিন বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টির এই পূর্বাভাসের মধ্যেই দেশের পাঁচ জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সোমবার (৮ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টা অর্থাৎ ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে সংস্থাটি।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজ করছে এবং মৌসুমি বায়ু আগামী ৩-৪ দিনের মধ্যে সারা দেশে বিস্তার লাভ করার জন্য অনুকূল অবস্থায় রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, প্রথম ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত) চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। তবে এই সময়ে রাজশাহী, পাবনা, নীলফামারী, চুয়াডাঙ্গা ও খুলনা জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকবে এবং দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
দ্বিতীয় দিনের (বুধবার সন্ধ্যা পর্যন্ত) বার্তায় বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে বুধবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বৃষ্টির পরিধি আরও বাড়ার কথা জানানো হয়েছে। এ সময় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে এবং সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, চতুর্থ দিন অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের প্রবণতা দেশের উত্তরাঞ্চলেও বেশ বাড়বে। এ সময় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই ২৪ ঘণ্টায় দেশের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
সর্বশেষ আগামী শুক্রবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আবহাওয়া অধিদপ্তর তাদের বার্তায় বিশেষভাবে উল্লেখ করেছে যে, এই ৫ দিন পার হওয়ার পরও পরবর্তী আরও ৫ দিন দেশে বৃষ্টিপাতের প্রবণতা ক্রমান্বয়ে বাড়তে পারে।











































