
সালাহউদ্দিন আহমেদ। ফাইল ছবি
গণভোট ছাড়া তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পরিবর্তন করা যাবে না বলে প্রস্তাব দিয়েছে বিএনপি। মঙ্গলবার (১৫ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, “তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে সাংবিধানিকভাবে আরও শক্তিশালী করতে চাই। ভবিষ্যতে কেউ যেন এটি বাতিল করতে না পারে। কেউ যদি পরিবর্তন আনতে চায়, তাহলে সেটি অবশ্যই গণভোটের মাধ্যমে হতে হবে— আমরা এ প্রস্তাব দিয়েছি।”
বৈঠকে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠনের প্রস্তাবও দিয়েছে বিএনপি। সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা প্রস্তাব করেছি, উচ্চকক্ষে ১০০টি আসন থাকবে। সেখানে দেশের বিভিন্ন সেক্টরের বিশিষ্টজন, রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও জাতীয় অগ্রগতিতে ভূমিকা রাখা শ্রেণি-পেশার প্রতিনিধিদের রাখা হবে।”
তিনি আরও বলেন, “দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠনের প্রয়োজনীয়তা, কাঠামো ও ক্ষমতার পরিধি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ রয়েছে। কেউ কেউ চাইছেন নারী আসনের মতো অনুপাতে প্রতিনিধি নির্বাচন হোক, আবার কেউ চাইছেন প্রাপ্য ভোট অনুযায়ী (পিআর পদ্ধতিতে)। পাশাপাশি আইন পাসের প্রক্রিয়া ও সাংবিধানিক সংশোধনী উচ্চকক্ষে কীভাবে পাস হবে— এসব বিষয়েও বিতর্ক রয়েছে।”
সালাহউদ্দিন বলেন, “কেউ কেউ প্রশ্ন তুলেছেন, দেশের আর্থিক সক্ষমতা বিবেচনায় আরেকটি সংসদ গঠনের যৌক্তিকতা আছে কি না। উচ্চকক্ষ যদি শুধু পরামর্শমূলক হয়, তাহলে তা আলাদা ব্যয়বহুল সংসদের প্রয়োজনীয়তা কতটুকু— তা নিয়েও আলোচনা হয়েছে।”
সব দলের মতামত নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন আগামী রোববার সিদ্ধান্ত জানাবে বলে জানান বিএনপির এই নেতা। তিনি বলেন, “কমিশনের সিদ্ধান্ত জানার পর আমরা আমাদের সম্মতি বা আপত্তির কথা জানাবো।”
সংবিধান সংশোধনীসংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে সালাহউদ্দিন বলেন, “সংবিধান কীভাবে সংশোধন করা যায় এবং বিদ্যমান সংবিধান কীভাবে সংশোধন করা যায়, এসব বিষয়ে কথা হয়েছে বৈঠকে।”







































