বুধবার । মার্চ ২৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৩ আগস্ট ২০২৫, ১০:৩৭ অপরাহ্ন
শেয়ার

তিন দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা


younus

মালয়েশিয়ায় তিন দিনের সফর শেষে বুধবার রাতে ঢাকায় ফিরেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (১৩ আগস্ট) বাংলাদেশ সময় রাত ৯টা ১০ মিনিটে তাকে বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিষয়টি প্রধান উপদেষ্টার প্রেস উইং নিশ্চিত করেছে।

এর আগে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ প্রতিনিধি দলকে বিদায় জানান মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন ইসমাইল। বিমানবন্দরে পৌঁছানোর পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ফোনে প্রধান উপদেষ্টার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সফরে আলোচিত দ্বিপাক্ষিক বিষয়গুলো মন্ত্রিসভায় উপস্থাপনের আশ্বাস দেন। বিদায়ের আগে ড. ইউনূসও সফর আয়োজনের জন্য আনোয়ার ইব্রাহিমকে ধন্যবাদ জানান।

এরপর স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় কুয়ালালামপুর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেন প্রধান উপদেষ্টা।

গত ১১ আগস্ট মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দেশটি সফর করেন ড. মুহাম্মদ ইউনূস। ওইদিন স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে তিনি কুয়ালালামপুরে পৌঁছান।

পরদিন (১২ আগস্ট) তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন। বৈঠক শেষে ৫টি সমঝোতা স্মারক সই এবং ৩টি নোট বিনিময় হয়। এছাড়া তিনি একটি ব্যবসায়িক ফোরামে যোগ দেন ও প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেন।

বুধবার (১৩ আগস্ট) সকালে মালয়েশিয়ার ইউনিভার্সিটি কেবাংসান আয়োজিত বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়। ডিগ্রি তুলে দেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর তুয়াংকু মুহরিজ ইবনে আলমারহুম তুয়ানকু মুনাওইর।

এ সফরে তিনি মালয়েশিয়ার মন্ত্রী, শীর্ষস্থানীয় শিল্পপতি ও বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।

সূত্র: এপি ও আল-জাজিরা