
দেশে পর্যাপ্ত যোগ্য ও অভিজ্ঞ বিশেষজ্ঞ থাকা সত্ত্বেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে বিদেশিদের নিয়োগ দেওয়ার প্রবণতা নিয়ে তীব্র প্রশ্ন তুলেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। তাঁর মতে, অনেক বিদেশি উপদেষ্টা এমনভাবে কাজ করছেন যেন তারা আসলে ‘ইন্টার্নশিপ’ করতে এসেছেন।
বৃহস্পতিবার রাজধানীর এক হোটেলে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স আয়োজিত ‘স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ: বাংলাদেশের সামনে বিকল্পসমূহ’ শীর্ষক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “আমাদের দেশে এত এক্সপার্ট থাকা সত্ত্বেও সরকারে থাকা অর্ধেক উপদেষ্টার কোনো স্থানীয় অভিজ্ঞতা নেই। মনে হচ্ছে তারা এখানে ইন্টার্নশিপ করতে আসছেন।”
ড. ফাহমিদা জানান, এলডিসি গ্রাজুয়েশন বিষয়ক কাজে সরকারের জন্য বিদেশ থেকে একজন উপদেষ্টা আনা হয়েছে। কিন্তু এমন ব্যক্তিকে কেন লাগবে, যার শেকড় এই দেশে নেই, যিনি দেশের অর্থনৈতিক বাস্তবতা ও চ্যালেঞ্জ সম্পর্কে কোনো অনুভব রাখেন না।
তিনি আরও বলেন, যারা কাজ করতে করতে শিখতে চান, তাদের জন্য জনগণের ট্যাক্সের টাকা খরচ করা উচিত নয়। “আমাদের প্রয়োজন অভিজ্ঞ ও দেশ-সচেতন মানুষ, ইন্টার্ন নয়,”—এভাবেই ক্ষোভ প্রকাশ করেন সিপিডির নির্বাহী পরিচালক।




































