
অন্তর্বর্তী সরকার উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে প্রমাণ পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। দীর্ঘ তদন্ত শেষে এই প্রমাণের ভিত্তিতে সিআইডি ২৮৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এই তথ্য নিশ্চিত করেন।
সিআইডি জানায়, অভিযুক্তরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি, সাংবিধানিক প্রক্রিয়া ভেঙে দেওয়া এবং অন্তর্বর্তী সরকারকে অবৈধভাবে উৎখাতের পরিকল্পনায় জড়িত ছিলেন। এ সময় তারা দেশি-বিদেশি যোগাযোগ ও অর্থায়নের মাধ্যমে বিভিন্ন পর্যায়ে নাশকতা পরিচালনা করার চেষ্টা করেন।
শেখ হাসিনার পাশাপাশি অভিযুক্ত তালিকায় সাবেক মন্ত্রিপরিষদের সদস্য, শীর্ষ রাজনৈতিক নেতা, ব্যবসায়ী এবং বিভিন্ন পেশাজীবী ও প্রভাবশালী ব্যক্তির নাম রয়েছে।
সিআইডি জানায়, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি ভোগ করতে হতে পারে।




































