বুধবার । মার্চ ২৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৬ আগস্ট ২০২৫, ৭:০৫ অপরাহ্ন
শেয়ার

বাংলাদেশে ধর্ম-বর্ণের কোনো ভেদাভেদ থাকবে না: সেনাপ্রধান


Army chief jonmastomi

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, বাংলাদেশে ধর্ম-বর্ণের কোনো ভেদাভেদ থাকবে না। আমরা সবাই সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে চলছি, ভবিষ্যতেও চলব। এই দেশে সবার অধিকার সমান।

শনিবার (১৬ আগস্ট) বিকেলে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে জন্মাষ্টমীর শোভাযাত্রা উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে সেনাপ্রধান বলেন, এই দেশে শত শত বছর ধরে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি বাঙালি উপজাতি সবাই মিলে আমরা অত্যন্ত শান্তিতে সম্প্রীতির সঙ্গে বসবাস করে যাচ্ছি।

তিনি বলেন, আজকের বিশেষ এই দিনে আমাদের অঙ্গীকার হবে সম্প্রীতির এই পরিবেশ আমরা সবসময় বজায় রাখবো। এখানে কোন ধর্ম, জাতি, বর্ণ গোত্রের মধ্যে কোন ভেদাভেদ থাকবে না।

এসময় তিনি আরও বলেন, সারা দেশে সশস্ত্র বাহিনী মোতায়েন আছে। আমরা সবাই মিলে আপনাদের পাশে থাকবো। এক হয়ে আপনাদের সঙ্গে কাজ করে যাবো।